
স্টাফ রিপোর্টার।। কুলাউড়া জিলাপিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ মিশ্রণ, পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার রবিরবাজার, মধ্য রবিরবাজার ও কর্মধা রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। তাকে সহযোগিতা করেন র্যাব-৯-এর সদস্যরা।
সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত ‘হাইড্রোজ’ মিশ্রণ, ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেল দিয়ে খাদ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারের আল মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
এ ছাড়া গুরুতর অনিয়মের কারণে ধানসিড়ি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।