
ষ্টাফ রিপোর্টার।। কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদ হোসেন।
অভিযানে ডাইনিং ডিলাইট নামক রেস্টুরেন্টে কাচ্চিতে রঙ ব্যবহার, সিংকের মধ্যে গোশত ধোয়া, মেয়াদোত্তীর্ণ বান সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং প্রতিষ্ঠানটির কোনো রেস্তোরাঁ লাইসেন্স না থাকায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে পাকশী নামক রেস্টুরেন্টে নোংরা ও দুর্গন্ধযুক্ত রান্নাঘর, ফ্রিজে পচা গ্রিল ও তরকারি সংরক্ষণ, মাছি-পোকামাকড়ের উপদ্রব, পোড়া তেল ব্যবহার, বাথরুমে সাবানের ব্যবস্থা না থাকা এবং আধোয়া ডিম সেদ্ধ করে রান্নার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রাজমহল নামক প্রতিষ্ঠানে শিশুখাদ্যের প্যাকেটে পোকামাকড়, মেয়াদোত্তীর্ণ পণ্য, অনুমোদনহীন কেওড়াজল বিক্রি, আমদানিকারকের সীলবিহীন বিদেশি পণ্য এবং বাসি মিষ্টি ও বাখরখানি বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।