
স্টাফ রিপোর্টার: বড়লেখা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে নিজেদের গুলিতেই সাইফুল (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। ২৮ এপ্রিল (মঙ্গলবার) ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাত দলটি বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিবারের সদস্যরা টের পেয়ে যান। এ সময় বাড়ির মালিক চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
অন্ধকারের মধ্যে ডাকাতদের ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সহযোগী সাইফুলের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়। পরিস্থিতি বেগতিক দেখে নিহতের মরদেহ ফেলে রেখে বাকি ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত সাইফুল সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে ম/রদেহ উদ্ধার করে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডাকাতির চেষ্টার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।